পঞ্চগড় জেলায় সোমবার থেকে শুরু হওয়া হাম-রুবেলা ক্যাম্পেইনে মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে টিকা প্রদান করা হবে। জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভায় স্থাপিত ১ হাজার ১০৯টি কেন্দ্রের মাধ্যমে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
ক্যাম্পেইনে ১৪৩ জন টিকাদান কর্মী দায়িত্ব পালন করবেন। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী কোনো শিশু যাতে টিকা থেকে বাদ না পড়ে, সে জন্য ২৬৪টি অতিরিক্ত টিম কাজ করবে।
রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। ব্রিফিংয়ে হাম-রুবেলা রোগের প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাদমান সাকিব।
সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান বলেন, হাম একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শিশুদের মধ্যে এ রোগের প্রকোপ, জটিলতা ও মৃত্যুহার বেশি। হাম থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনসেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতার মতো জটিলতা দেখা দিতে পারে।
তিনি আরও বলেন, সময়মতো টিকা প্রদানই এই রোগ ও এর জটিলতা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। পঞ্চগড়ে এই ক্যাম্পেইন সফল করতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।