বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা-এ কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-সিআরইএ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর প্রতি সহিংসতা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতা ও সুইডেন সরকারের অর্থায়নে গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) বাস্তবায়িত ‘ক্রিয়া’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে ক্রিয়া প্রকল্পের প্রজেক্ট অফিসার অংচউ মারমা সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন সিআরইএ ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী অম্লান চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজমিন আলম তুলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মেহেদী জামান এবং উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অংসাজাই মারমা।
এসময় আরও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, ক্রিয়া প্রকল্পের মাঠ সহায়ক সুমনা তঞ্চঙ্গ্যা, মংশৈপ্রু খিয়ানসহ আলেক্ষ্যং ও নোয়াপতং ইউনিয়নের প্রকল্পে শতাধিক নারী-পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন।
গণশুনানিতে বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড়ি অঞ্চলে কৃষি, জীববৈচিত্র্য ও নারীদের জীবন-জীবিকায় বিরূপ প্রভাবের বিষয় তুলে ধরেন। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।