‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হেডম্যান-কারবারি নেটওয়ার্কের সভাপতি হ্লাথোয়াইহ্রী মারমা, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, নাগরিকদের আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সেবা সম্পর্কে সচেতন করা এবং ভূমিসংক্রান্ত সেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, অনলাইন ভূমি সেবা ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে তথ্য ও সেবা প্রদান করা হবে।
তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।