পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বীর মুক্তিযোদ্ধার অসহায় বৃদ্ধা স্ত্রীকে মারধর, বাড়ি ভাঙচুর এবং টাকা চুরির অভিযোগ উঠেছে স্থানীয় দুই নারীর বিরুদ্ধে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ও সু বিচারের দাবিতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোছা. আমেনা বেগম (৬০)।
ভুক্তভোগী আমেনা বেগম উপজেলার শতদল আদর্শগ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের স্ত্রী। অভিযুক্তরা হলেন— একই উপজেলার পাথরঘাটা গ্রামের মো. হাসিবুল ইসলামের স্ত্রী মোছা. জমিলা খাতুন (৪৫) এবং টাইয়াগছ গ্রামের মো. আব্দুর রশিদের স্ত্রী মোছা. দুলালী বেগম (২৭)।
ঘটনার বিবরণী
অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও আমেনা বেগম দম্পতি নিঃসন্তান হওয়ায় ১নং বিবাদী জমিলা খাতুনকে শৈশবে পালক (পোষ্য) কন্যা হিসেবে গ্রহণ করেছিলেন। তবে সম্পত্তি ও মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার ওপর লোভ লালসা থেকে জমিলা খাতুন ও তার সহযোগী দুলালী বেগম দীর্ঘদিন ধরে আমেনা বেগমকে নানাভাবে অত্যাচার এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
গত ১৪ মে, ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় আমেনা বেগম অসুস্থ বোধ করায় চিকিৎসার জন্য তেঁতুলিয়া হাসপাতালে যান। এই সুযোগে অভিযুক্তরা তার বসতবাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার জমানো নগদ ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।
অতর্কিত হামলা ও মারধর
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আমেনা বেগম হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার সাথে সাথেই ১নং বিবাদী জমিলা খাতুনের হুকুমে ২নং বিবাদী দুলালী বেগম তার ওপর অতর্কিত হামলা চালায়। বৃদ্ধার চুলের মুঠি ধরে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারা হয় এবং একপর্যায়ে গলা চিপে ধরে হত্যার চেষ্টা করা হয়। আমেনা বেগমের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগীর আকুতি
বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। তিনি জানান, স্থানীয় কিছু কুচক্রী মহলের ইন্ধনে বিবাদীরা তাকে তার স্বামীর রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা থেকে বঞ্চিত করার জন্য গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে তিনি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।
এই বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং সু-বিচারের জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।