তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

জুলহাস উদ্দিন,তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি:

Date: মঙ্গলবার, মে ১৯, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করে।

কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা নিশ্চিত করার লক্ষ্যে পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে বিশ্বব্যাংক, ইউএনডিপি এবং আইএফএডি (ইফাদ)।

তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় অফিসার মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মিঠুন কুমার রায়।

সেমিনারের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনজুর মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও কয়েক শ’ কৃষক-কৃষাণী।

সেমিনারে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির আধুনিকায়ন এবং নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্যের জোগান নিশ্চিত করা। শুধুমাত্র ফলন বৃদ্ধি নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে টেকসই কৃষি প্রযুক্তি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। বক্তারা আরও জানান, ‘কৃষক স্কুল’-এর মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের সার ও বীজের সঠিক ব্যবহার এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে, যা একটি আত্মনির্ভরশীল ও সুস্থ জনগোষ্ঠী গড়তে সহায়ক হবে।

এর আগে অতিথিরা পার্টনার কংগ্রেস উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ আধুনিক কৃষি প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন উচ্চফলনশীল জাতের প্রদর্শনী সম্পর্কে আগত কৃষকদের বিস্তারিত ধারণা প্রদান করেন।

সেমিনারে উপস্থিত কৃষক ও উদ্যোক্তারা এই প্রকল্পের বিভিন্ন দিকনির্দেশনা শুনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারিত করার দাবি জানান।

Leave Your Comments