শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

অন্তর মিয়া স্টাফ রিপোর্টারঃ

Date: মঙ্গলবার, মে ১৯, ২০২৬
news-banner
১৯ মে ২০২৬: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষে তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শহরের চৌমুহনা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বের কথা-কাটাকাটির জের ধরে পিকাপ চালক (১২২৩) ও সিএনজি চালক (২৩৫৯) গ্রুপের মধ্যে হঠাৎ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দূরপাল্লার যাত্রীসহ শত শত যানবাহন দীর্ঘ যানজটে আটকে পড়ে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, “আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুত আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হবে।”

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না জানান,“বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেন,“সংঘর্ষে জড়িতদের শনাক্তে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে শ্রীমঙ্গলে শান্তি বিরাজ করছে এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে।

Leave Your Comments