পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

Date: শনিবার, মে ২৩, ২০২৬
news-banner
পঞ্চগড়ে দুই দিনব্যাপী চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভাল ও ওয়ার্কশপ ২০২৬-এর পর্দা উঠেছে। শুক্রবার (২২ মে) সকাল ১০টায় দেবীগঞ্জ উপজেলার সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ আয়োজন শুরু হয়।
সোনাহার ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভালে পৃষ্ঠপোষকতা করছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), স্টুডেন্ট ফোর্স বিডি এবং গোল্ডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা।
দুই দিনব্যাপী এই আয়োজনে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ, শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যেই এই ডিবেট ফেস্টিভাল ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিতর্ক চর্চার মাধ্যমে তরুণদের গঠনমূলক চিন্তা, সহনশীলতা এবং সমসাময়িক বিষয়ে সচেতন করে তুলতেই এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রথম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন এনডিএফ বিডির ডিরেক্টর জেনারেল ও রেক্টর লায়ন এম আলমগীর। তিনি একই সঙ্গে ট্রেইনার হিসেবেও প্রশিক্ষণ দেন। এছাড়া রংপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ‌মো. শিয়াবুজ্জামান চঞ্চল ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন।
দ্বিতীয় দিনের সেশনে ট্রেইনার হিসেবে থাকবেন এনডিএফ বিডির জয়েন্ট সেক্রেটারি নাহিদুর রহমান দুর্জয়, খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক তরিকুল ইসলাম, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক জয় লালা এবং সোনাহার ডিবেটিং সোসাইটির আহ্বায়ক আরিফ বিল্লাহ।
উদ্বোধনী পর্ব শেষে প্রথম দিনে বারোয়ারী বিতর্ক, সনাতনী বিতর্ক প্রতিযোগিতা, গেম শো, জীবনের লক্ষ্য নির্ধারণ বিষয়ক সেশনসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত রাখতে গান, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মতো সাংস্কৃতিক আয়োজনও ছিল।
দ্বিতীয় দিনে সংসদীয় বিতর্ক সেশন, র‌্যাম্প শো, রম্য বিতর্ক, শুদ্ধ উচ্চারণ বিষয়ক সেশন, নিউজ প্রেজেন্টেশন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন থাকবে।
এর আগে ২০১৯, ২০২৩ এবং ২০২৪ সালেও এসডিএস ডিবেট ফেস্টিভাল ও ওয়ার্কশপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল।

Leave Your Comments