ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণই রাস্তায় নামবে: পঞ্চগড়ে "সিবগাতুল্লাহ"

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

Date: শনিবার, মে ২৩, ২০২৬
news-banner
বাংলাদেশে সংঘটিত অধিকাংশ ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে অনুষ্ঠিত হয়।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে অনেক সময় বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। দ্রুত বিচার না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি শিশু রামিসা হত্যাকাণ্ড দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তবে শুধু এই ঘটনাই নয়, অতীতেও দেশে বহু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। দীর্ঘসূত্রতার কারণে অনেক মামলার বিচার সম্পন্ন না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “কেউ যেন ধর্ষণ করে পার পেতে না পারে, তা নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণই রাজপথে নেমে বিচার দাবি করতে বাধ্য হবে।”

এ সময় তিনি নাসিরুদ্দিন নাসিরের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রামে ছাত্রশিবিরের এক কর্মীর পা দ্বিখণ্ডিত করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং সর্বশেষ নাসিরের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক। এসব ঘটনায় দেশে দমন-পীড়নের সংস্কৃতি ফিরে আসছে বলে মন্তব্য করেন তিনি।

সিবগা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে সব মত ও পথের মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী আচরণ করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম, জেলা শিবির সভাপতি রাশেদ ইসলাম এবং জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন। অনুষ্ঠানে জেলার ৭ম থেকে ১০ম শ্রেণির সিঙ্গেল ডিজিট রোলধারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

Leave Your Comments