পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা মৌজায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।গত শুক্রবার দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষের উভয় পক্ষের নারীসহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংলাবান্ধা মৌজার জে.এল নং ০১, এস.এ ১০৯ নং খতিয়ানের জমি নিয়ে দু'পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মালিকানা ও দখল সংক্রান্ত বিরোধ চলে আসছিল। উক্ত খতিয়ানের মূল রেকর্ডীয় মালিক কবির উদ্দীন আহমদের ওয়ারিশ ও পরবর্তীতে জমি ক্রয়সূত্রে মালিক দাবিদারদের মধ্যে এই বিরোধের সৃষ্টি হয়। জমির মালিকানা ও দলিল সংক্রান্ত বিষয়ে পঞ্চগড় জেলা জজ আদালতের আইনজীবী মো: আহসান হাবিবের পক্ষ থেকে একটি 'আইনগত মতামত' (লিগ্যাল ওপেনিয়ন) দেওয়া হলেও মাঠ পর্যায়ে দুই পক্ষের মধ্যে বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিতর্কিত ওই জমিতে এক পক্ষ দখল করতে গেলে অপর পক্ষ তাতে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমকন জানান,এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।