দুটি ডিঙি নৌকা কীটনাশক, শুটকি চিংড়ি সহ মালামাল উদ্ধারের পর আস্তানা ধ্বংস

নইন আবু নাঈম শরণখোলা থেকেঃ

Date: রবিবার, জুন ০৭, ২০২৬
news-banner
সুন্দরবনের চলমান নিষেধাজ্ঞার মধ্যেও থেমে নেই দূর্বৃত্তরা। প্রশাসনিক কঠোর নজরদারি সত্বেও অবৈধ অনুপ্রবেশ করে মৎস্য আহরণ ও শুটকি প্রক্রিয়া করণের একটি আস্তানার সন্ধান পেয়েছে বনরক্ষীরা। শুক্রবার (৫ জুন) পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপূটিয়া টহল ফাঁড়ির শিয়ালা নদীর অফিস খালের সাইট খাল নামক এলাকায় নিয়মিত টহলকালে আস্তানাটির সন্ধান পায় তারা। 

বনরক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে দুর্বৃত্তরা গহীন বনে পালিয়ে গেলেও এ আস্তানা থেকে ৫ কেজি চিংড়ী শুটকি,২ টি ডিঙ্গি নৌকা, ৪ টি কীটনাশকের বোতল ও শুটকি তৈরীর বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে বন বিভাগ সূত্র নিশ্চিত করেছে। 

টহল দলের প্রধান ও চরপুটিয়া ক্যাম্প ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, সঙ্ঘবদ্ধ একটি চক্র অবৈধ প্রবেশের মাধ্যমে সুন্দরবনের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও আহরিত মাছ দিয়ে শুটকি বানানোর জন্য একটি আস্তানা গড়ে তোলে। মালামাল উদ্ধারের পর ঐ আস্তানাটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। দূর্বৃত্তদের ধরার জন্য বনে তল্লাশী চলছে বলে জানান তিনি। 

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা কালীন বনে প্রবেশ করে কেউ রেহাই পাবেনা। নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত টহলের পাশাপাশি শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে বাড়তি ৬ টি স্মার্ট টিম গঠন করা হয়েছে। বনে পায়ে হেঁটে টহল, নদী ও খালে জলযান এবং ড্রোনের মাধ্যমে সমগ্র বনকে নজরদারি করা হচ্ছে।

Leave Your Comments