রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল মাদরাসার গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো: সহিদুল ইসলাম। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মো: আহসান হাবিব। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মমতাজী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই মনোনয়ন প্রদান করা হয়। অফিস আদেশ অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি মো: সহিদুল ইসলাম গংগাচড়া উপজেলার পেউলাদহ মিয়াজীপাড়া গ্রামের মো: রহিম বক্সের পুত্র এবং বিদ্যোৎসাহী প্রতিনিধি মো: আহসান হাবিব একই গ্রামের মো: জয়নাল আবেদীনের পুত্র। বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল মাদরাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেছেন। এদিকে মো: সহিদুল ইসলাম সভাপতি মনোনীত হওয়ায় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের জনগণ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।