রংপুরের গঙ্গাচড়া উপজেলার চারটি কেন্দ্রে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক এইচএসসি, আলিম ও কারিগরি (বিএম) শিক্ষা বোর্ডের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চারটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ২৩৫ জন। এর মধ্যে ১ হাজার ১৯৫ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৪০ জন অনুপস্থিত ছিল।
কেন্দ্রভিত্তিক তথ্যে দেখা যায়, গঙ্গাচড়া সরকারি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৪২ জন। এর মধ্যে ৩৩৭ জন উপস্থিত এবং ৫ জন অনুপস্থিত ছিল। গঙ্গাচড়া মহিলা কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৭৮ জন। উপস্থিত ছিল ৪৫৬ জন এবং অনুপস্থিত ছিল ২২ জন।
কারিগরি (বিএম) কেন্দ্রের মোট পরীক্ষার্থী ছিল ২২১ জন। এর মধ্যে ২১৯ জন উপস্থিত এবং ২ জন অনুপস্থিত ছিল। অপরদিকে হাজী দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ছিল ১৯৪ জন। এর মধ্যে ১৮৩ জন উপস্থিত এবং ১১ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের প্রবেশে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আওতায় নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, "সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।"