তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২৬
news-banner
তরুণদের মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বান্দরবানের রোয়াংছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করেছে উপজেলা যুবদল।
উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও বেক্ষ্যং জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি লুপ্রু মং মারমা, সাধারণ সম্পাদক নয়ন্ত সেন এবং যুবদল নেতা মংক্যওয়াই মারমা। এ সময় উপজেলা ও স্থানীয় পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের মাদকাসক্তি, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে উপজেলা যুবদলের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদক ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

Leave Your Comments