রংপুরকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ করবেন রউক চেয়ারম্যান সামসুজ্জামান সামু

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: সোমবার, জুলাই ০৬, ২০২৬
news-banner
নবগঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেছেন, রংপুরসহ দেশের নগরগুলোকে পরিকল্পিত, সবুজ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে রংপুরকে একটি তিলোত্তমা ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে রউক বদ্ধপরিকর। গত রবিবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী চলমান প্রকল্পগুলোতে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। এই উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্তের আলোকেই রউক চেয়ারম্যান সামসুজ্জামান সামু তাঁর প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, রংপুরকে অবহেলিত রাখার আর কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী এই অঞ্চলের মানুষের ভাগ্যউন্নয়নে অত্যন্ত আন্তরিক। তাঁর চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে আমরা স্বল্প ও দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা হাতে নিচ্ছি। রাস্তাঘাটের আধুনিকায়ন, পরিকল্পিত আবাসন, জলাশয় সংরক্ষণ এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রউকের সকল কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হবে। রংপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে সকল অংশীজনকে সাথে নিয়ে একটি আধুনিক ও স্মার্ট রংপুর বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আগামীকাল রউকের নতুন কার্যালয় উদ্বোধন এদিকে নবগঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গতিশীল করতে আগামীকাল ৭ জুলাই (মঙ্গলবার) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ৮ম তলায় রউকের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।রউক সূত্রে জানা গেছে, আগামীকাল বিকেল ৪টায় আয়োজিত এই উদ্বোধনী ও দোয়া মাহফিলে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য রউক চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু আন্তরিক আহ্বান জানিয়েছেন।

Leave Your Comments