রংপুর সদর উপজেলায় কৃষি প্রণোদনার চারা বিতরণ

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: বৃহস্পতিবার, জুলাই ০৯, ২০২৬
news-banner
‘কৃষিতেই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে রংপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা এবং বিশেষ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) রংপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনপাট ইউনিয়নের বিএনপি নেতা হিটলার মেম্বার, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান টিটু এবং ব্যবসায়ী মেনাজুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ের ৯০ জন উপকারভোগীকে এ কর্মসূচির আওতায় আনা হয়। প্রতিটি প্যাকেজে আম, কাঁঠাল, মালটা, লেবু ও আতাফলসহ ৫টি উন্নত জাতের চারা মিলিয়ে মোট ৪৫০টি গাছ বিতরণ করা হয়। পাশাপাশি প্রতি কেজি ৪ টাকা দরে প্রত্যেককে ২৫ কেজি করে উন্নত মানের গোবর সার দেওয়া হয়। হরিদেবপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান আখতার জানান, দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের এই চারা দেওয়া হয়েছে। গাছের সঠিক বৃদ্ধি ও সুরক্ষায় কৃষি অফিসের নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু থাকবে।

Leave Your Comments