দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ জুলাই) ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব, রংপুরের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এক শোকবার্তায় বলেন, মরহুম তৌহিদুল ইসলাম বাবলা ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান, পেশাদার ও নির্ভীক সাংবাদিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর পেশাগত দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠা সহকর্মী এবং সাংবাদিক সমাজের কাছে তাঁকে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শোকবার্তায় আরও বলা হয়, তৌহিদুল ইসলাম বাবলার মৃত্যু দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। সাংবাদিকতায় তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বেনজুম আলী বেনজির স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার নিকট মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করা হয়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।