বর্তমান সরকারের সিদ্ধান্ত মোতাবেক বন্ধ থাকা শিল্প কলকারখানাগুলো পুনরায় চালুর অংশ হিসেবে রংপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ‘শ্যামপুর সুগার মিলস্’ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ৩১২ সংরক্ষিত মহিলা আসন (রংপুর ৫ ও ৬) এর দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য জেবা আমিনা খান। গতকাল শনিবার (১১ জুলাই) সকালে তিনি মিলের কারখানা, ফ্যাক্টরি ও ওয়ার্কশপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে সুগার মিলের সার্বিক অবস্থা, বর্তমান কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও চিনি শিল্পের গুরুত্ব নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং মিলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।মতবিনিময় সভায় আরও অংশ নেন রংপুর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মোঃ হারুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং মিলের সাবেক শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ।