পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ উপজেলা পরিষদ’ নির্বাচিত হয়েছে রংপুর সদর উপজেলা পরিষদ। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট হতে যৌথভাবে এই সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন রংপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)। কর্তৃপক্ষ জানান, নিয়মিত মনিটরিং, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ, নরমাল ডেলিভারি বৃদ্ধি, শিশুর পুষ্টি ও টিকাদান এবং কিশোর-কিশোরীবান্ধব স্বাস্থ্যসেবা জোরদার করার কারণেই এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্যকে সংশ্লিষ্ট বিভাগ, জনপ্রতিনিধি, মাঠকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল উল্লেখ করে কর্তৃপক্ষ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।