সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে অমরণ অনশন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: বুধবার, জুলাই ২৯, ২০২৬
news-banner
সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও দলীয় বহিষ্কারের দাবিতে আমরণ অনশন শুরু করেছে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবার।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় এই কর্মসূচি শুরু করেন জিসানের মা শাপলা আহমেদ। ছেলের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি অনশনে বসেন।

অনশনস্থলে শাপলা আহমেদ বলেন, “আমার সন্তানের জীবন নিয়ে প্রতিনিয়ত শঙ্কায় থাকতে হচ্ছে। অভিযোগের পরও হুমকিদাতাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়েই আমরণ অনশনে নেমেছি। আমি আমার সন্তানের নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”

পরিবারের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু দীর্ঘদিন ধরে শাফিন আহমেদ জিসানকে হত্যার হুমকি, অশালীন ভাষায় গালিগালাজ এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। একাধিকবার অভিযোগ দেওয়ার পরও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা এই কর্মসূচি পালন করছেন বলে দাবি করেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রোববার রাতে ফোন করে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তার স্বামী ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের একটি ফেসবুক পোস্ট এবং পরবর্তীতে তার ছেলের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই ঘটনার সূত্রপাত। এরপর থেকে ছানোয়ার হোসেন সানু নিয়মিত ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহমেদ শামীমের দ্রুত গ্রেপ্তার, ছানোয়ার হোসেন সানুর দলীয় বহিষ্কার এবং পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

এ ঘটনায় সোমবার রাতে শাপলা আহমেদ সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য, এর আগেও গত ১৪ জুন পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে আবেদন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। একই সঙ্গে সিরাজগঞ্জের পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

Leave Your Comments