"মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলি প্রতিজন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হরকলি হাটে এক মাদকবিরোধী সচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে স্থানীয় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এ সভার আয়োজন করা হয়। এলাকাকে মাদকমুক্ত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে স্থানীয় সচেতন তরুণ ও সংগঠকদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরকলি বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ তারা মিয়া। সহ-সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনোয়ারুল ইসলাম রানু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. মোঃ ফিরোজ হোসেন (এমবিবিএস)। প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ ফিরোজ হোসেন বলেন, "মাদক কেবল একটি পরিবারকে ধ্বংস করে না, বরং পুরো সমাজ ও রাষ্ট্রকে অচল করে দেয়। মাদকের ভয়াবহ থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে প্রতিটি ঘরে ঘরে সামাজিক সচেতনতা ও আন্দোলন গড়ে তুলতে হবে।" বিশেষ অতিথির বক্তব্যে রংপুর কোতোয়ালি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, "আপনার সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশছে—সেদিকে নজর রাখুন। কম বয়সে সন্তানদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দেবেন না। মাদকের বিরুদ্ধে সদর থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। স্থানীয় মানুষের সহায়তা পেলে মোবাইল জুয়া ও মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে।" সভায় দিকনির্দেশনামূলক প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কদমতলা জামে মসজিদের খতিব ও হরকলি ঈদগাহ মাঠের ইমাম মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান।এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—ডাঃ মোঃ মীর হোসেন (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য), সাবেক উপ-পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ গোলজার রহমান, প্রকৌশলী আব্দুল ওয়াদুদ বকুল, হরকলি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সভাপতি মাওলানা মোঃ আজিবার রহমান, সিনিয়র শিক্ষক মোঃ ওয়ায়েস কুরুনী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আয়নাল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এনামুল হক, মোঃ আনিচুল ইসলাম (আনিছ), মোঃ তাজুল ইসলাম এবং মোঃ এজাহারুল হক। এলাকার যুবসমাজকে সুপথে রাখা ও মাদকের বিস্তার রোধে সভাটি আয়োজনে মূল ভূমিকা পালন করেন স্থানীয় তরুণ ক্যারেট, সাজেদুল, আলম, আরমান, রাজু, রকি, হায়াত ও সুমন। আলোচনা সভা শেষে বক্তারা সর্বস্তরের জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।