মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীরসহ তিন নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে আয়োজিত মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজদীখান থানার সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে নেতা-কর্মীরা দাবি করেন, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল এ ষড়যন্ত্র চালাচ্ছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, মিথ্যা অভিযোগ ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গতককল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজদিখান-গোডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক ও লতব্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়া ইটভাটা ও মাটি ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ এনে মানববন্ধন করে।