সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

Date: বুধবার, আগস্ট ০৫, ২০২৬
news-banner
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরণ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেয়াজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মো. মোস্তফা জামান সমুদ্রের মা মাসুদা জামানসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি আহত ও অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের সাহসিকতা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের অবদানের কথা তুলে ধরেন। বক্তারা নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

Leave Your Comments