অপপ্রচারের প্রতিবাদে সিরাজদিখানে বিএনপি নেতা হায়দার আলীর সংবাদ সম্মেলন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

Date: বুধবার, আগস্ট ০৫, ২০২৬
news-banner
নিজের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। গতকাল বুধবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করে আসছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করছি। পাশাপাশি এলাকায় দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জুয়া এবং অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে দলীয়ভাবে সোচ্চার ভূমিকা পালন করে আসছি।
তিনি অভিযোগ করেন, গত ৪ আগস্ট লতব্দী ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত একটি মানববন্ধনে আমাকে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়াকে জড়িয়ে মনগড়া অভিযোগ আনা হয়েছে। একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল তাঁদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে এম হায়দার আলী বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন ও দলের সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। তবে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বস্তুনিষ্ঠতা ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির ঊর্ধ্বতন নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে সিরাজদিখান প্রেসক্লাবের প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজদিখান-গোডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়ন পরিষদের সামনে ইটভাটা ও মাটি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ তুলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় একটি পক্ষ মানববন্ধন কর্মসূচি পালন করে।

Leave Your Comments