বান্দরবানের রোয়াংছড়িতে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা তহজিংডংয়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটি ইন চিটাগাং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
তহজিংডংয়ের উপজেলা সমন্বয়কারী মিন্টু মারমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সেবা সহজলভ্য করার বিষয়ে আলোচনা করা হয়। রোয়াংছড়ি উপজেলায় ০২ জন SAM শিশু এবং ৬১ জন MAM শিশুকে ফুড বাস্কেট সহায়তা করা হয়েছে। প্রাথমিকভাবে ৩০ পরিবারকে ল্যাট্রিন এবং ১৫ পরিবারকে দশ হাজার টাকা করে IGA সহায়তা প্রদান করা হবে। বিশেষ করে স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ, সামাজিক সেবা ও যুব উন্নয়নসহ সংশ্লিষ্ট খাতে জনগণের সেবা গ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্দ দে, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অংশৈচিং মারমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং মারমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুয়ইচিং মারমা, ৩৪৯ নম্বর বেক্ষ্যং মৌজার হেডম্যান হ্লামংপ্রু মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা এবং সূর্যহাসি ক্লিনিকের প্রকল্প ব্যবস্থাপক উমাপ্রু মারমা।
সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, গণমাধ্যমকর্মী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।