রংপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ জামাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সময়ে গাঁজা সেবনের দায়ে হাতেনাতে আটক আরও দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের শিবের বাজার বুড়ার দিঘি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রংপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দুলাল হোসেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবের বাজার এলাকায় নিজ বাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ জামালকে গ্রেফতার করা হয়। একই সময় সেখানে গাঁজা সেবনরত অবস্থায় মহাদেবপুর তেলিপাড়া গ্রামের শহিদুল ইসলাম (পিতা: আব্দুর রহমান) ও চওড়াপাড়া গ্রামের শরীফকে (পিতা: আনারুল ইসলাম) আটক করা হয়।পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দুলাল হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেবনকারী শহিদুল ও শরীফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এ ঘটনায় রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোসাদেক বাদী হয়ে গ্রেফতারকৃত জামালের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।