রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর স্কুল ও কলেজের নবগঠিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার স্কুল হলরুমে অনুষ্ঠিত এক পরিচিতি সভার মাধ্যমে এ দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত পাকুড়িয়া শরীফ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল গণি সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি বদরুল আলম, অভিভাবক সদস্য সামছুল আলম এবং সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জয়নাল আবেদীন। উল্লেখ্য, গত ২৪ আগস্ট দিনাজপুর শিক্ষা বোর্ড এই কমিটির অনুমোদন প্রদান করে।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল গণি বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার পাশাপাশি তাদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে।" শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে একযোগে কাজ করার জন্য তিনি শিক্ষকবৃন্দের প্রতি আহ্বান জানান। কমিটি বাতিলের দাবিতে স্থানীয় বিএনপি'র বিক্ষোভ এদিকে নবগঠিত এই এডহক কমিটিকে 'গুপ্ত কমিটি' আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিল এবং নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি। প্রতিবাদে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন হরিদেবপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি সৈয়দ আব্দুর রাসেল এবং সদর উপজেলা বিএনপি'র সভাপতি শাহ মাসুদ রানা। বিএনপি নেতাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী শিক্ষা বোর্ডে তিনটি নাম প্রস্তাব করার কথা থাকলেও অধ্যক্ষ একক সিদ্ধান্তে এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে কোনো আলোচনা ছাড়াই এ নামসমূহ পাঠিয়েছেন। তারা দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে অধ্যক্ষের অপসারণ দাবি করেন। তবে স্থানীয় বিএনপি'র তোলা অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জয়নাল আবেদীন জানান, কোনো ধরনের অনিয়ম হয়নি। শিক্ষা বোর্ডের যাবতীয় বিধি-বিধান মেনেই নতুন কমিটি গঠন করা হয়েছে এবং বিএনপি'র এ দাবি সম্পূর্ণ অমূলক।