জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: সোমবার, আগস্ট ৩১, ২০২৬
news-banner
ময়মনসিংহে উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত(এমপি)বলেন,জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর। তার পরিপ্রেক্ষিতে আমরা যারা জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা - কর্মচারী রয়েছি তাদের কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যার যার পরিধি থেকে জনকল্যাণে কাজ করতে হবে। 
৩১ আগস্ট-২০২৬ ইং তারিখ রোজ সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

মন্ত্রী বিভিন্ন দপ্তর প্রধান এবং জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা রক্ষা ,মাদক নিয়ন্ত্রণ, সুশাসন , স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সফল করা এই সমন্বয় সভার অন্যতম লক্ষ্য। আর এর জন্য প্রয়োজন প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত চেষ্টা। এছাড়া আমরা যদি আমাদের নির্বাচন ইশতেহার পূরণ করতে পারি তাহলে জনগণ তাদের প্রাপ্যতা বুঝে পাবে। একই সাথে সরকারের প্রতি জনগণের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তা পূর্ণতা পাবে। যদি আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে না করতে পারি তাহলে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।

তিনি আরো বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহের স্বচ্ছতা ও সুশাসনের সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাদের আন্তরিকতা অত্যন্ত প্রয়োজন। আশা করব আপনারা আন্তরিকতা ও সততার মাধ্যমে আপনাদের দায়িত্বটুকু পালন করবেন। বিশেষ করে মাদক ও চোরাচালানোর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ জেলার আইন-শৃঙ্খলার উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পসমূহের স্বচ্ছতা ও বাস্তবায়নের লক্ষ্যে জেলার সকল দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী একত্রে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে কাজের শক্তি আরো প্রবল করে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি ।

এছাড়াও সভায় জেলা উন্নয়ন কমিটির সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন ।

Leave Your Comments