সৈয়দপুর রেলওয়ে মাঠের সংস্কারের পরও পানি নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর, মাঠের সৌন্দর্য-গৌরব হারানোর শঙ্কা

এম, আজম কামাল, সৈয়দপুর (নীলফামারী):

Date: রবিবার, সেপ্টেম্বর ০৬, ২০২৬
news-banner
নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী রেলওয়ে মাঠ। দীর্ঘদিন ধরে মাঠটির দক্ষিণ পাশে পূবালী স্কাউটের প্রবেশপথে জলাবদ্ধতা ও কাদার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মাঠে আসা খেলোয়াড় ও সাধারণ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, বছরের প্রায় ১০ মাসই ওই প্রবেশপথে এক হাঁটু পর্যন্ত পানি ও কাদা জমে থাকে।

জানা যায়, রেলওয়ের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কিছুদিন আগে মাঠটি সংস্কার করা হয়। এ সময় মাঠের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাও তৈরি করা হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলগত ত্রুটির কারণে ড্রেনেজ ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে না। ফলে মাঠের ভেতরের পানি ঠিকমতো বের হতে পারছে না। উল্টো বৃষ্টির সময় বাইরের পানি মাঠে প্রবেশ করছে। পাশাপাশি অনেক ড্রেন মাটি ও আবর্জনায় ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশন আরও বাধাগ্রস্ত হচ্ছে।

এতে একদিকে মাঠের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মাঠ তার গৌরব হারানোর ঝুঁকিতে পড়েছে। মাঠের দক্ষিণ পাশ দিয়ে চলাচলকারী পথচারী, খেলোয়াড় ও স্থানীয় বাসিন্দাদের নিয়মিত দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

তবে নানা প্রতিকূলতার মধ্যেও মাঠটিকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন স্থানীয় কয়েকজন যুবক। কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে তারা রাতে লাইটের আলোয় মাঠে ফুটবল খেলার আয়োজন করছেন। এতে খেলাধুলার পাশাপাশি শহরবাসীর মধ্যেও তৈরি হচ্ছে উৎসবমুখর পরিবেশ। রাতের ফুটবল আয়োজন মাঠটিকে নতুন করে প্রাণবন্ত করে তুলেছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, মাঠের ঐতিহ্য ও সৌন্দর্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে দক্ষিণ পাশের প্রবেশপথের জলাবদ্ধতা নিরসন, ড্রেনগুলো পরিষ্কার এবং সঠিক প্রকৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করবে। এতে ঐতিহ্যবাহী রেলওয়ে মাঠটি যেমন তার পুরোনো সৌন্দর্য ফিরে পাবে, তেমনি খেলাধুলার মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে উঠবে সৈয়দপুরের প্রাণকেন্দ্র।

Leave Your Comments