বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২০৭নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক (বাদশা মল্লিক)-কে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় তারা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানান এবং প্রধান শিক্ষকের অবিলম্বে মুক্তির জন্য প্রশাসনের কাছে জোড় দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে স্থানীয় অভিভাবক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সোবাহান শেখ, বাবুল শেখ, আলামিন আকন, মনিরা খানম, শিউলি পারভীন ও খাদিজা বেগম বক্তব্য রাখেন। তারা বলেন, "আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অত্যন্ত নিষ্ঠার সাথে বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। তাকে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।"
সমাবেশকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের মুক্তির দাবিতে "মুক্তি চাই, মুক্তি চাই, আমার শিক্ষকের মুক্তি চাই" স্লোগানে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত করে তোলে।
ঘটনার বিবরণ দিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন আকন জানান, গতকাল প্রধান শিক্ষক তাকে জানিয়েছিলেন যে শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে তিনি ৩ দিনের ছুটিতে থাকবেন। তবে আজ সকালে স্কুলে এসে তিনি জানতে পারেন, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারের খবর পেয়ে ক্ষুব্ধ স্থানীয় অভিভাবকেরা শিক্ষার্থীদের সাথে নিয়ে সড়ক অবরোধ করতে চেয়েছিলেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি বিদ্যালয় প্রাঙ্গণেই প্রতিবাদ সমাবেশ করার মৌন সম্মতি দিয়ে বিষয়টি শান্ত করেন। একজন সরকারি চাকরিজীবী হিসেবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশাসনের সুনজরে আসার আহ্বান জানান এবং অবিলম্বে তার মুক্তির অনুরোধ করেন।