মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা থেকে এসে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কাটিহারী আদর্শপাড়া এলাকায় প্রেমিক শাহিনের বাড়িতে তিনি অনশন শুরু করেন। প্রেমিক শাহিন ওই এলাকার ছহির আলী কবিরাজের নাতি ও শরিফুলের ছেলে।
ভুক্তভোগী তরুণী জানান, মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে শাহিনের সাথে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাঁদের মধ্যে একাধিকবার দেখা-সাক্ষাৎ ও ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে সম্প্রতি শাহিন তাঁর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। অন্য কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে বিয়ের দাবিতে তিনি শাহিনের বাড়িতে উপস্থিত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শুরুতে ছেলেপক্ষ ওই তরুণীকে বাড়িতে ঢুকতে বাধা দেয়। তবে স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে পরিবারটি তাকে ঘরের ভেতর আশ্রয় দিতে বাধ্য হয়। ঘটনার পর থেকেই পরিবারের সহযোগিতায় প্রেমিক শাহিন আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত শাহিনের পরিবারের দাবি, ছেলেটি এখনও প্রাপ্তবয়স্ক বা ভোটার হয়নি। সে সম্প্রতি মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষা শেষ করেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী নামমাত্র দেনমোহর ধার্য করে তড়িঘড়ি মীমাংসার চেষ্টা করছেন, কিংবা তরুণীকে বুঝিয়ে ফেরত পাঠানোর পাঁয়তারা চালাচ্ছেন। সঠিক বিচার না করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ এলাকাবাসী।
তরুণী যাতে কোনো প্রকার প্রতারণার শিকার না হন এবং ন্যায়বিচার পান, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।