রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২ কোটি ১৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোট ৬৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতিনিধিদের হাতে মঞ্জুরিকৃত সহায়তার চেকগুলো হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক খৃষ্টফার হিমেল রিছিল এবং বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ শরিফুল আলম সরকার।অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, "সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কিংবা পঙ্গুত্ব বরণ করা পরিবারের ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে স্বজনহারা ও সহায়সম্বলহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন আবারো ঘুরে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই সরকার বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নিয়মিত এই আর্থিক সহায়তা প্রদান করছে।"বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ শরিফুল আলম সরকার জানান, বিআরটিএ ট্রাস্ট বোর্ডের তহবিল থেকে নিয়ম অনুযায়ী এই অর্থ মঞ্জুর করা হয়েছে এবং ভবিষ্যতেও প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে বিআরটিএ একইভাবে দাঁড়াবে। অনুষ্ঠানে বিআরটিএ-র কর্মকর্তা, সাংবাদিক ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চেক গ্রহণকালে অনুদানপ্রাপ্ত পরিবারগুলো সরকারের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।