তেঁতুলিয়ার এগ্রো ফার্মে বিনিয়োগকারীদের পরিদর্শন,বেকারদের কর্মসংস্থান

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতির উন্নয়নে নতুন শিল্প উদ্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের ‘এগ্রোটেক ভিলেজ’ ও ‘তৈয়বীয়া এগ্রো ফার্ম’ পরিদর্শনে হেলিকপ্টারযোগে আসেন ঢাকার একটি শীর্ষস্থানীয় গ্রুপ অব কোম্পানির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

আগে থেকে উপস্থিত স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হাসান লাবু প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে এগ্রোটেক ভিলেজ ও তৈয়বীয়া এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাজুল ইসলাম প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে নিয়ে ফার্মের বিভিন্ন প্রকল্প ও স্থাপনা ঘুরে দেখান।

পরিদর্শন শেষে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, এগ্রো ফার্মটি নতুন করে সচল করে বিভিন্ন উৎপাদনমুখী প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
তারা আরও জানান, এখানে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে তেঁতুলিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।
পরিদর্শন শেষে হামিদুল হাসান লাবু অতিথিদের ধন্যবাদ জানান। একই সঙ্গে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

এ সময় তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, দেবনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments