পশুর নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫টি বেহুন্দী জাল জব্দ

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৬
news-banner
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে খুলনার দাকোপের পশুর নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পশুর নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।
নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও মা ইলিশ রক্ষায় পরিচালিত অভিযানে পশুর নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন প্রবীর কুমার রায়, অতিরিক্ত ডিআইজি, দক্ষিণ বিভাগ, নৌ পুলিশ, বাংলাদেশ পুলিশ; ডা. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ, পুলিশ সুপার, নৌ পুলিশ খুলনা অঞ্চল; মো. নুরুল আমিন হাওলাদার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও ইনচার্জ, দাকোপ নৌ পুলিশ ফাঁড়ি এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক। এছাড়া মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ টিম অভিযানে অংশ নেয়।
অভিযানকালে কর্মকর্তারা জানান, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার ২২ দিন নদ-নদীতে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ ও অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মা ইলিশ সংরক্ষণে জেলে ও মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কর্মকর্তারা বলেন, আজকের মা ইলিশ রক্ষা মানেই আগামী দিনের সমৃদ্ধ ইলিশ সম্পদ নিশ্চিত করা।

Leave Your Comments