পাগলাপীর স্কুল ও কলেজে নবীনবরণ, পাঠাগার উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
news-banner
রংপুরের পাগলাপীর স্কুল ও কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, ‘মরহুম আমজাদ হোসেন স্মৃতি পাঠাগার’-এর শুভ উদ্বোধন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো: মাহবুবুর রহমান বেলাল। তিনি ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ‘মরহুম আমজাদ হোসেন স্মৃতি পাঠাগার’-এর শুভ উদ্বোধন করেন।পাগলাপীর স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মো: আব্দুল গনি, শিক্ষক প্রতিনিধি মো: বদরুল আলম এবং অভিভাবক সদস্য মো: সামছুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর সদর উপজেলার আমীর মাওলানা মাজহারুল ইসলাম ও সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদেরসহ প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে স্থানীয় সংগীতশিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave Your Comments