রংপুরে পৌরসভার ভবন নির্মাণকালে ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু

রিয়াজুল হক সাগর রংপুরঃ

Date: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
news-banner
রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের সাটারিং ভেঙে ছাদ ধসে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিন শ্রমিক। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের আরাজী গঙ্গারামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক এবং রংপুরের বাসিন্দা শিহাব। দুর্ঘটনায় আহতরা হলেন—বাবলা মিয়া, লিটন মন্ডল ও সেলিম মিয়া। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে পৌরসভার নির্মাণাধীন ভবনে ১৩ জন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজে নিয়োজিত ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ভবনের সাটারিং ধসে পড়লে নিচে কাজ করতে থাকা পাঁচ শ্রমিক মাটির নিচে ও ধ্বংসস্তূপে চাপা পড়েন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া স্থানীয় জনতা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আরও তিনজনকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আছাদুল ও শিহাবকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পরই সরেজমিনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ভিশন-২০২০’-এর কোনো কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অবহেলা ও মানহীন সাটারিং ব্যবহারের কারণেই এই প্রাণহানি ঘটেছে।
এ বিষয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয়াও তিনজনকে উদ্ধার করেছেন।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, খবর পেয়েই উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

Leave Your Comments