চার ঘণ্টার চেষ্টায় পরিবারের কোলে ফিরল শিশু আবদুল্লাহ

মারুফ আলমঃ

Date: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
news-banner
চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু আবদুল্লাহ নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা এবং এক অটোরিকশাচালকের মানবিকতায় দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরেছে চার বছর বয়সী শিশু আবদুল্লাহ। শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। এ ছাড়া শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা এবং পরিবারের সন্ধানে সহযোগিতা করায় অটোরিকশাচালককেও সম্মানী প্রদান করা হয়।

জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে বাসা থেকে নিখোঁজ হয় শিশু আবদুল্লাহ। পরে সকাল ১০টার দিকে গাবতলা মোড় এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে আহত হয় সে। এ সময় অটোরিকশাচালক শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

চিকিৎসা শেষে শিশুটিকে নিয়ে এলাকায় ফিরে তার পরিবারের সন্ধান করতে থাকেন ওই চালক। বিভিন্নভাবে চেষ্টা করেও পরিবারের সন্ধান না পেয়ে একপর্যায়ে শিশুটিকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে উপস্থিত হন তিনি।

বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবারের সন্ধানে উদ্যোগ নেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টার পর লালখান, কুতুবপুর এলাকায় শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়। পরে ইউএনওর উদ্যোগে শিশু আবদুল্লাহকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ সময় শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়। একই সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা এবং পরিবারের সন্ধান পেতে সহযোগিতা করায় অটোরিকশাচালককে সম্মানী দেওয়া হয়।

দীর্ঘ সময় পর সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন পরিবারের সদস্যরা। এ ঘটনা মানবিক দায়িত্ববোধ, প্রশাসনের আন্তরিকতা এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকল।

Leave Your Comments