মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকেলে শ্রীমঙ্গল থানাধীন শাপলাবাগ আবাসিক এলাকা সংলগ্ন রেললাইনের উত্তর পাশে সারদা কলোনি এলাকার ‘মিনহাজ ভ্যারাইটিজ স্টোর’-এর সামনের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. সুমি বেগম (২৬), স্বামী: রিপন মিয়া, পিতা: মোঃ ফারুক মিয়া ( গাট্টি ফারুক)। সাং: শাপলাবাগ (সাহেদা বেগমের ভাড়াটিয়া)।
২. পাখি আক্তার (২৪), স্বামী: মোঃ শরীফ হোসেন, পিতা: আব্দুল খালেক ( আব্দুল মালেক)। সাং: শাপলাবাগ (আইয়ুব আলীর ভাড়াটিয়া)। উভয়ই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের উপপরিচালক মো: রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে আসামি সুমি বেগমের কাছ থেকে একটি কালো পলি প্যাকেটে রক্ষিত ৪০ পিস গোলাপি বর্ণের ইয়াবা (ওজন ৪ গ্রাম) এবং মাদক বিক্রির নগদ ৭,৭০০ (সাত হাজার সাতশত) টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, অপর আসামি পাখি আক্তারের কাছ থেকে একটি জিপারলক পলি প্যাকেটে রক্ষিত ৩০ পিস ইয়াবা (ওজন ৩ গ্রাম) এবং একটি চাকু উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট ৭০ পিস (ওজন ৭ গ্রাম) মিথাইল অ্যাফিটামিনযুক্ত ইয়াবা ও নগদ টাকা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।