একসময় শ্যালো মেশিন মেরামত, রাজমিস্ত্রির কাজ, এমনকি ঢাকার ফাস্টফুডের দোকানেও কর্মচারী হিসেবে কাজ করেছেন। আর্থিকভাবে সাধারণ একটি কৃষক পরিবারের সন্তান জাহিদুল ইসলাম বাবলু। অথচ কয়েক বছরের ব্যবধানে তাঁর জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। ঢাকায় গড়ে তুলেছেন গার্মেন্টস প্রতিষ্ঠান, চার বছর ধরে পরিচালনা করছেন ইটভাটা, কিনেছেন বিলাসবহুল গাড়ি। স্থানীয়ভাবে তাঁর বর্তমান সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা বলে আলোচনা রয়েছে। এবার কালো টাকা সাদা করতেই নিজেই সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁর এই অভাবনীয় আর্থিক উত্থান, সম্পদের উৎস ও রাজনৈতিক অভিলাষ ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জাহিদুল ইসলাম বাবলু সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত আজম আলীর ছেলে। তাঁর বাবা ছিলেন কৃষক ও দিনমজুর। বাবার নামে ছিল প্রায় তিন বিঘা জমি। পাঁচ ভাই ও চার বোনের বড় পরিবারে বেড়ে ওঠা বাবলুর শৈশব ও কৈশোর কেটেছে সাধারণ পারিবারিক পরিবেশে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালের দিকে বাবলু আঞ্চলিক ফুটবল খেলায় গোলরক্ষকের দায়িত্ব পালন করতেন। ২০০৬ সালের দিকে শুরু করেন শ্যালো মেশিন মেরামতের কাজ। পরে পাবনায় বড় বোনের জামাতার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। জীবিকার সন্ধানে একপর্যায়ে পাড়ি জমান ঢাকায়। ২০১৩ সালের দিকে সেখানে একটি ফাস্টফুডের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কিন্তু ২০১৮ সালের দিকে আলাদীনের চেরাকের মত তাঁর জীবনে আসে বড় পরিবর্তন। এরপর কীভাবে তাঁর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, কোন ব্যবসা থেকে কত আয় করেছেন এবং কীভাবে বিনিয়োগের সক্ষমতা তৈরি হয়েছে, তার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
পরবর্তী সময়ে ঢাকার মিরপুরে একটি গার্মেন্টস প্রতিষ্ঠান গড়ে তোলেন বাবলু। তবে প্রতিষ্ঠানটির নাম, মালিকানা ও বিনিয়োগের পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে অবস্থিত কে.বি. ব্রিকস নামের একটি ইটভাটা গত চার বছর ধরে তাঁর পরিচালনায় রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিলাসবহুল গাড়ির মালিক হওয়ার বিষয়টিও স্থানীয়দের আলোচনায় এসেছে।
স্থানীয় পর্যায়ে বাবলুর বর্তমান সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা বলে আলোচনা থাকলেও এর সুনির্দিষ্ট হিসাব, সম্পদের মালিকানা এবং অর্থের উৎস স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে তাঁর ব্যবসায়িক উত্থানের প্রকৃত চিত্র জানতে বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। কীভাবে গড়ে উঠল তাঁর গার্মেন্টস প্রতিষ্ঠান? ইটভাটা পরিচালনায় কত টাকা বিনিয়োগ করা হয়েছে? ইটভাটাটি কী চুক্তিতে পরিচালিত হচ্ছে? গাড়ি ও অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পদ কেনার অর্থের উৎস কী? তাঁর ঘোষিত আয় ও বর্তমান সম্পদের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না?
সম্প্রতি নিজেই সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাবলু। তাঁর এই রাজনৈতিক অভিলাষকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সম্পদের উৎস ও আর্থিক স্বচ্ছতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে তাঁর বিরুদ্ধে কালো টাকা সাদা করার উদ্দেশ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অভিযোগও উঠেছে। বিগত সরকারের আমলে বিএনপির কোনো মিছিল মিটিং এ দেখা যায়নি এই বাবুলকে এখন তিনি ব্যানার ফেস্টুনের মাধ্যমে বিএনপি'র দলীয় মনোনয়ন চান, এ নিয়ে জনমনে চলছে আলোচনা সমালোচনা।
জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশী একজন ব্যক্তির আর্থিক স্বচ্ছতা, ব্যবসায়িক কার্যক্রম এবং সম্পদের উৎস সম্পর্কে জনমনে প্রশ্ন তৈরি হলে সেসব প্রশ্নের তথ্যভিত্তিক ব্যাখ্যা থাকা জরুরি। বিশেষ করে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকানা, বিনিয়োগ, আয়কর বিবরণী, ব্যাংক লেনদেন এবং স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য যাচাই করা প্রয়োজন। স্থানীয় এক নেতা জানান, জাহিদুল ইসলাম বাবলু এক সময় হ্যালো মেশিন মেরামত রাজমিস্ত্রির কাজ করতো, হঠাৎ করে তিনি কিভাবে এত টাকার মালিক হলেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশন দুদকের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
এ বিষয়ে জাহিদুল ইসলাম বাবলুর বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।