রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

Date: বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
news-banner
বান্দরবানের রোয়াংছড়িতে শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে শিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বেসরকারি সংস্থা পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বিডি৫০৩-এর উদ্যোগে প্রকল্পের মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রকল্পের আওতাভুক্ত শিশু ও তাদের অভিভাবকেরা অংশ নেন।

প্রকল্পের সমাজ উন্নয়নকর্মী রেমসামময় বমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম। এতে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইটিং।

প্রধান অতিথির বক্তব্যে ওসি হুমায়ুন কবির বলেন, শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিত ও সুষ্ঠু বিকাশে সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে শিশুদের সার্বিক বিকাশ, নিরাপত্তা এবং অভিভাবকদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিশুদের জন্য সহায়ক ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Leave Your Comments