দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর দায়ে ২৪ চালককে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পৌর শহরের ঢাকা মোড় শাপলা চত্বরে অভিযান চালিয়ে তাঁদের এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।
ইউএনও মাসুম বিল্লাহ বলেন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২৪ জন চালককে মোট ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। মহাসড়কে নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযান চলাকালে ফুলবাড়ী থানার পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।