ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের বিপরীতে ভারতের ফুলবাড়ী ইমিগ্রেশন দিয়ে আগামী তিন দিন যাত্রী পারাপার বন্ধ থাকবে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানানো হয়েছে যে, আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রশাসনিক কারণে আগামীকাল ২১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত ফুলবাড়ী ইন্ডিয়ান ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখা হবে।
ইমিগ্রেশন ইনচার্জ কেফায়েতুল ওয়ারেছ জানিয়েছেন, এই তিন দিন সীমান্ত দিয়ে ভারত গমনাগমন না করার জন্য যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ২৪ এপ্রিল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে ইমিগ্রেশন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ভ্রমণপ্রত্যাশী যাত্রীদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে এই সময়ের মধ্যে ভ্রমণের পরিকল্পনা না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।