অন্ধকার জয় করে আলোয় ভাসছে কেশবপুর: একদল তরুণের অনন্য দৃষ্টান্ত

আসাদুজ্জামান টিটু, রংপুর :

Date: সোমবার, এপ্রিল ২০, ২০২৬
news-banner
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের কেশবপুর (উত্তর পাড়া) গ্রামের মেঠোপথগুলো এখন রাতের আঁধারেও নিরাপদ। দীর্ঘদিনের অন্ধকার দূর করে গ্রামের সড়কগুলোকে আলোকোজ্জ্বল করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘তারুণ্যের শক্তি সংঘ’। একদল উদ্যমী তরুণের এই ব্যক্তিগত ও সম্মিলিত প্রচেষ্টায় গ্রামটি এখন আধুনিক নগরের মতো আলোকসজ্জায় সজ্জিত। শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের প্রধান প্রবেশপথ থেকে শুরু করে ভেতরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কবাতি স্থাপন করা হয়েছে। এতে করে গ্রামবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হয়েছে।
সেবার ব্রত নিয়ে তারুণ্যের যাত্রা সংগঠনটির সভাপতি মোহাদ্দিসিন আলি মিষ্টার জানান, জনকল্যাণমূলক চিন্তা থেকেই এই উদ্যোগ। তিনি বলেন, "আমাদের পাড়ার মসজিদটি এক প্রান্তে হওয়ায় রাতের বেলায় মুসল্লিসহ সাধারণ মানুষের চলাচলে বেশ অসুবিধা হতো। বিশেষ করে বয়স্কদের দুর্ভোগ ছিল চরমে। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে নিজস্ব অর্থায়ন ও শ্রম দিয়ে পুরো এলাকায় লাইটিংয়ের ব্যবস্থা করেছি। এখন গ্রামের মানুষ রাতেও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন।" পরিকল্পনা থেকে বাস্তবায়ন এই পুরো কার্যক্রমটি সফল করতে মাঠ পর্যায়ে কাজ করেছেন সংগঠনের একঝাঁক সদস্য। সংগঠনের সাধারণ সম্পাদক নুর নবী জানান, কেবল লাইটিং নয়, সমাজ সংস্কার ও সেবামূলক কাজের লক্ষ্য নিয়েই তাদের পথচলা। এই প্রকল্পে বিশেষ অবদান রেখেছেন সংগঠনের উপদেষ্টা সৌরভ, জোবাইর, সেমিল ও স্বাধীনসহ আরও অনেকে। তাঁদের নিবিড় তত্ত্বাবধানেই পুরো এলাকায় বৈদ্যুতিক সংযোগ ও বাতি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। অভিভূত এলাকাবাসী গ্রামের সাধারণ পথচারী ও বাসিন্দারা এই উদ্যোগকে অভাবনীয় বলছেন। স্থানীয়রা জানান, আগে সন্ধ্যার পর এলাকাটি প্রায় জনশূন্য হয়ে পড়ত, কিন্তু এখন পর্যাপ্ত আলো থাকায় যাতায়াতের পাশাপাশি নিরাপত্তা নিয়ে শঙ্কাও কমেছে। তরুণদের এই সৃজনশীল ও সেবামূলক কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধী সমাজও।সামাজিক দায়বদ্ধতা থেকে গড়ে ওঠা এই সংগঠনের কার্যক্রম আগামীতে আরও বিস্তৃত হবে এবং অন্যান্য এলাকার তরুণদের জন্য এটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।

Leave Your Comments