সারাদেশে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অযথা হয়রানি, মিথ্যা অভিযোগ ও গ্রেফতারের প্রতিবাদে রংপুরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মেডিকেল মোড়ে ‘ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন’ (ফারিয়া) রংপুর মহানগর শাখার উদ্যোগে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর ফারিয়ার সভাপতি আরাফাত হোসেন তৌফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাসান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদ সদস্য মো. আরিফুজ্জামান আরিফ। প্রধান অতিথির বক্তব্যে আরিফুজ্জামান আরিফ বলেন, “ওষুধ কোম্পানিগুলো দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারি খাত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনাকালীন সংকটে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। এই সেক্টরে প্রায় ৩ লক্ষ উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েট কর্মরত। সরকারি হাসপাতাল ও প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে সুনির্দিষ্ট ভিজিটিং সময় মেনে তারা দায়িত্ব পালন করেন। অথচ দুঃখজনকভাবে তাদের ‘দালাল’ হিসেবে আখ্যা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে প্রকৃত দালালরা আড়ালে থেকে যাচ্ছে। আমরা প্রকৃত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু পেশাদার প্রতিনিধিদের অপমান কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি। অবিলম্বে এসব হয়রানি বন্ধ না হলে আগামীতে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।” মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ফোরামের প্রতিনিধি মাহবুব হোসেন, ম্যানেজার’স ফোরামের পক্ষে খলিলুর রহমান, আসলাম মিয়া ও নুর হাবিব। ফারিয়ার পক্ষে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি সাঈদুজ্জামান সাজু, আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, হযরত আলী, আলমগীর হোসেন, উম্মে পাপড়ি, মর্জিনা, মাকসুদা রুমা, রাহেল, শিশির, আবু সায়েম, মিনহাজ ও এলাহি বক্স। অনুষ্ঠানে এক্সিকিউটিভ ফোরামের আবু জাফর, আসাদুজ্জামান, আবু সায়েম এবং ম্যানেজার’স ফোরামের সভাপতি মোকসেদ আলী ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সেলিনা সহ রংপুর মহানগরীর বিভিন্ন ওষুধ কোম্পানির রিজিওনাল হেড, ম্যানেজার এবং সহস্রাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন। বক্তারা সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষকে ভোগান্তির কবল থেকে রক্ষা করতে এবং প্রকৃত দালাল উচ্ছেদে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করুন।