ময়মনসিংহে ডিসি কার্যালয়ে ২ বিএনপি নেতার মারামারিতে আহত কর্মচারী

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: সোমবার, জুন ০৮, ২০২৬
news-banner
ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি ফুলের টব ভাঙচুরের পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী জনি (৩০) নামের একজন আহত হয়েছেন। ঘটনাটি জেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
৭ জুন-২০২৬ ইং তারিখ রোজ রবিবার বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে ডিসি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপি'র বহিষ্কৃত সদস্য সচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
এ সময় দু'জন মুখোমুখি হলে তোফাজ্জল হোসেন হাফেজ আজিজুল হককে ‘বহিষ্কৃত’ ও ‘দালাল’ বলে গালি দেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় হাফেজ আজিজুল হক বলেন, ‘তুই দালাল, তর বাপ দালাল।’ একপর্যায়ে দু'জনের মধ্যে হাতাহাতি ও চর-থাপ্পড়ের ঘটনা ঘটে যায়।
ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তারা, ডিসির বডিগার্ড (পুলিশ সদস্য) মোঃ জাকির হোসেন, অফিস সহকারী জনি এবং অন্যান্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় অফিস সহকারী জনি হাতে আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে হাফেজ আজিজুল হক ও তোফাজ্জল হোসেন দু'জনেই ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং একে অপরের দোষারোপ করেন। 
এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুর রহমান বলেন, হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও বিব্রত। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়।
এদিকে দুই বিএনপি নেতার এমন ঘটনায় বিএনপি'র নেতারাও বিব্রত হয়েছেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave Your Comments