নিয়োগের নামে প্রতারণার অভিযোগ! ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ ঘিরে প্রশ্নের মুখে সাংবাদিক নিয়োগ প্রক্রিয়া

মেহেদী হাসান অপূর্ব নারায়ণগঞ্জঃ

Date: সোমবার, জুন ০৮, ২০২৬
news-banner
গণমাধ্যমকর্মী বা সাংবাদিক—যাদের সমাজের “চতুর্থ স্তম্ভ” বলা হয়। তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং সমাজের অসংগতি তুলে ধরার দায়িত্ব তাদের কাঁধে। তবে প্রযুক্তির উন্নয়ন ও মোবাইল জার্নালিজমের প্রসারের পাশাপাশি সাংবাদিকতা পেশাকে ঘিরে নানা প্রশ্নও সামনে আসছে। বিশেষ করে কিছু কথিত প্রতিষ্ঠান ও ভুয়া নিয়োগ কার্যক্রম নিয়ে বাড়ছে উদ্বেগ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট” নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের নিয়োগ বিজ্ঞপ্তি চোখে পড়ছে। সেখানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি সম্মানি দেওয়ার কথাও বলা হয়, যা অনেক আগ্রহী ব্যক্তিকে আকৃষ্ট করছে।
তবে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে—নিয়োগের নামে আবেদনকারীদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও পরে তাদের সঙ্গে আর কার্যকর যোগাযোগ রাখা হয় না। অভিযোগকারীদের দাবি, একটি নিম্নমানের আইডি কার্ড ও দুটি স্টিকার দেওয়ার পর প্রায় ১ হাজার টাকা নেওয়া হয় এবং এরপর আর কোনো কার্যক্রমে যুক্ত করা হয় না।
এমন অভিযোগের সত্যতা যাচাই করতে এই প্রতিবেদক নিজেও আবেদন করেন। অভিযোগ অনুযায়ী, আবেদন করার পরদিনই একটি আইডি কার্ড ও স্টিকার সরবরাহ করা হয় এবং ১ হাজার টাকা নেওয়া হয়। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে নিউজ গ্রুপে যুক্ত করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো গ্রুপ, পরিচয়পত্র বা দায়িত্ব সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত করা হয়নি বলে অভিযোগ পাওয়া যায়।
আরও অনুসন্ধানে দেখা যায়, দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট-এর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে দৃশ্যমান কোনো যোগাযোগ নম্বর উল্লেখ নেই। নিয়মিত সংবাদ কার্যক্রমও চোখে পড়ে না বলে অভিযোগ রয়েছে। বরং কয়েকদিন পরপর একটি করে ফটোকার্ড পোস্ট করেই পেজ সচল রাখা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।
অনুসন্ধানের একপর্যায়ে একটি মোবাইল নম্বর সংগ্রহ করা গেলেও, অভিযোগ রয়েছে সেই নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রায় ১৯ হাজার ফলোয়ার দেখা গেলেও, সমালোচকদের দাবি—পেজটির অধিকাংশ ফলোয়ার বুস্ট বা বিজ্ঞাপনের মাধ্যমে অর্জিত।
তবে এ বিষয়ে দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
বিশেষজ্ঞদের মতে, সাংবাদিকতার মতো সংবেদনশীল পেশায় নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা জরুরি। একই সঙ্গে নতুনদেরও যাচাই-বাছাই ছাড়া অর্থ লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave Your Comments