বাগেরহাটে সাবেক নৌবাহিনীর কর্মকর্তা ও সংবাদকর্মীর ওপর বিএনপি নেতার হামলা, আহত হয়ে হাসপাতালে ভর্তি

বাগেরহাট প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
news-banner
বাগেরহাট সদর উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নে সাবেক এক নৌবাহিনী কর্মকর্তার বাড়ি নির্মাণে চাঁদা দাবি এবং তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম ও তার বাহিনীর বিরুদ্ধে।

জানা গেছে, সাবেক নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার ফারজানা আক্তার নিজের বাড়ি নির্মাণ করতে গেলে মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও তার বাহিনী মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এই খবর পেয়ে বাগেরহাট জেলা প্রেসক্লাবের নির্দেশনায় সরজমিন অনুসন্ধানে যান দৈনিক অভয়নগর পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মিজানুর রহমান।

অনুসন্ধান ও সংবাদ সংগ্রহের একপর্যায়ে বিএনপি নেতা জাহিদ ও তার সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মী মিজানুর রহমানের ওপর চড়াও হয়। এ সময় তারা ভুক্তভোগী ফারজানা আক্তার ও তার বৃদ্ধা মাকেও নির্মমভাবে পিটিয়ে জখম করে।

হামলায় গুরুতর আহত অবস্থায় সংবাদকর্মী মিজানুর রহমান এবং সাবেক নৌবাহিনী কর্মকর্তাসহ তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।

ভুক্তভোগী পরিবার চিকিৎসা গ্রহণের পর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পর্ব-১

Leave Your Comments