রোয়াংছড়ির এতিমখানা ও আশ্রমে অনাথ শিক্ষার্থীদের জন্য ৫ টন চাল বরাদ্দ

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

Date: বুধবার, জুন ২৪, ২০২৬
news-banner
 বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বিভিন্ন এতিমখানা, আশ্রম ও ছাত্রাবাসে অবস্থানরত অনাথ ও অসহায় শিক্ষার্থীদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে ৫ টন চাল বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এলাকার উন্নয়ন ও মানবিক সহায়তার অংশ হিসেবে ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী-এর উদ্যোগে জিআর (GR) খাত থেকে এ বরাদ্দ প্রদান করা হয়।
বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এমপি সাচিং প্রু জেরীর পক্ষে বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সদস্য শৈসাঅং হেডম্যান এবং রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা।
এ সময় রোয়াংছড়ি কেন্দ্রীয় বুদ্ধ বিহার শিশু সদন, বম হোস্টেল অনাথ শিশু সদন, কিনিথেউ শিশু সদন (লংথাংপাড়া), বেক্ষ্যং জুনিয়র হাইস্কুল ছাত্রাবাস, সেনপল ছাত্রাবাস, চাইগাডংপাড়া ছাত্রাবাস, পাগলাছড়া পাড়া অনুরুদ্ধ শিশু সদন এবং অংকদপাড়া অনাথ শিশু সদনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া বেতছড়া পাড়া বেসরকারি জুনিয়র হাইস্কুল ছাত্রাবাসে ১ হাজার কেজি চাল প্রদান করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলের অনাথ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছাত্রাবাস পরিচালনা কমিটির সদস্য এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments