তেঁতুলিয়া সদর ইউপির প্রায় ২ কোটি ৪৬লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:

Date: মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয় সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট পেশ করা হয়।
বাজেট অধিবেশনে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী আগামী অর্থবছরের জন্য সর্বমোট ২ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ৪১৯ টাকার বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানটি পরিচালিত হয়।

বাজেট আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান বাবলু, জাহাঙ্গীর আলম, ফজলুল করিম ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদীন। এছাড়াও স্থানীয় শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের সুধীজন এবং ইউনিয়নের সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণাকালে চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী বলেন, “তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এই বাজেটের মাধ্যমে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্মুক্ত বাজেটের মাধ্যমে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের আয়-ব্যয় এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়। এতে করে কর প্রদানে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পায় এবং ইউনিয়ন পরিষদের রাজস্ব খাত শক্তিশালী হয়।

সভায় উপস্থিত সুধীজনরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং আগামীতে পরিকল্পিত ও মডেল ইউনিয়ন হিসেবে তেঁতুলিয়া সদরকে গড়ে তোলার আহ্বান জানান।

Leave Your Comments