তারেক রহমানের বরিশাল সফরে স্বনির্ভর খাল পরিদর্শন ও বৃক্ষরোপণের দাবি চরকাউয়ার কৃষকদের

এম ব‌শির,বরিশাল:

Date: রবিবার, জুলাই ১২, ২০২৬
news-banner
বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সরকারি সফর উপলক্ষে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সদ্য পুনঃখননকৃত ঐতিহাসিক স্বনির্ভর খাল পরিদর্শন এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ কৃষকরা। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানিয়ে খালটিকে কৃষি, ইতিহাস ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. কেরামত আলী হাওলাদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্বনির্ভর খালটি দীর্ঘ প্রায় ৪৮ বছর পর পুনঃখননের মাধ্যমে নতুন প্রাণ ফিরে পেয়েছে। এই খাল শুধু একটি জলাধার নয়, এটি চরকাউয়ার কৃষি, অর্থনীতি, ইতিহাস ও আবেগের প্রতীক। পুনঃখননের ফলে হাজারো কৃষক সেচ সুবিধা, কৃষিপণ্য পরিবহন এবং জীবিকার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

কেরামত আলী হাওলাদার আরও বলেন, তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান তাঁর পিতার স্মৃতিবিজড়িত এই খালটি পরিদর্শন করবেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে আগামী ১৩ জুলাইয়ের বরিশাল সফরের সূচিতে খালটি পরিদর্শনের কর্মসূচি না থাকায় চরকাউয়ার সাধারণ মানুষ কিছুটা ব্যথিত ও হতাশ হয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচিতে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের কর্মসূচি রয়েছে, যা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। তবে যেসব স্থানে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে, সেখানে ইতোমধ্যে পর্যাপ্ত গাছ রয়েছে। অন্যদিকে, চরকাউয়ার ঐতিহাসিক স্বনির্ভর খালের দুই পাড় প্রায় সম্পূর্ণ বৃক্ষশূন্য। তাই এই খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হলে তা ইতিহাস সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং জনগণের প্রত্যাশার একটি সুন্দর সমন্বয় হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারপ্রধান জনগণের এই আবেগ ও প্রত্যাশার বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে খালটি পরিদর্শন করবেন এবং এর উদ্বোধন ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হবেন।

সংবাদ সম্মেলনে একটি মহল স্বনির্ভর খালকে ঘিরে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে বলেও অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, কিছু নিবন্ধনহীন ও অনলাইনভিত্তিক মাধ্যমে খালটির পুনঃখনন নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। বক্তারা দাবি করেন, সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে খনন ও সংস্কার কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের তথ্য পাওয়া যায়নি। তাই তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের শেষে চরকাউয়া ইউনিয়নের সাধারণ কৃষকদের পক্ষ থেকে সরকারপ্রধানের প্রতি স্বনির্ভর খাল পরিদর্শন, খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং খালকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. আনোয়ার মহিউদ্দিন, ছোরাপ, কল্যাণ অধিকারী, মো. আতাহার হাওলাদার, মো. বেলায়েত হোসেনসহ চরকাউয়া ইউনিয়নের কৃষক দল ও স্থানীয় কৃষক সমাজের নেতৃবৃন্দ।

Leave Your Comments