মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাগেরহাট প্রতিনিধিঃ

Date: সোমবার, জুলাই ২৭, ২০২৬
news-banner
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামাল হোসেন মুফতি।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে ২৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালটিতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব কারণে চিকিৎসা সেবার মান ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব বা রুজু হলে অভিযোগের মাত্রা, দায়িত্ব থেকে বিরত রাখার প্রয়োজনীয়তা এবং তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যেতে পারে।

এর পরিপ্রেক্ষিতে ডা. কামাল হোসেন মুফতিকে প্রজ্ঞাপনের তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, বাগেরহাটের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। পাশাপাশি এটি পরবর্তী গেজেটে প্রকাশ এবং স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইটে আপলোডের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Leave Your Comments